ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সাক্ষাৎকার নেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, মনোনয়ন বোর্ডের বৈঠকেই প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে চূড়ান্তভাবে কাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে, তা পরে জানানো হবে।
রিজভী বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটিই বিএনপির মনোনয়ন বোর্ড। শুক্রবারের বৈঠকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
তিনি জানান, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন হলেও চূড়ান্ত প্রার্থী নির্ধারণের সিদ্ধান্ত পরে জানানো হবে।
এ সময় এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার পর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও-১ আসনটি রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর শূন্য হয়। এই আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









