আইএলও'র সহযোগীতায় ওশি ফাউন্ডেশন কানাডার আয়োজনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য "জলবায়ু সংকট মোকাবিলায় ন্যায্য রূপান্তরঃ শ্রমিকের অধিকার, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সুরক্ষার অপরিহার্যতা” শীর্ষক কর্মশালায় যোগ দিতে ৬ সেপ্টেম্বর যশোরের বর্ষিয়ান শ্রমিক নেতা মাহবুব মজনুর ব্যাংকক যাত্রা করবেন।
আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী এ কর্মশালায় সরকার মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যশোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহবুবুর রহমান মজনু বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পক্ষে অর্থাৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ SKOP NCC WE I TUC’র প্রতিনিধি হিসেবে কর্মশালায় প্রতিনিধিত্ব করবেন।
কর্মশালায় অংশগ্রহণকারী অন্যান্য দেশের ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সাথে শ্রমিকদের অধিকার, সামাজিক সুরক্ষা, কর্মক্ষেত্রে স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়েও মত বিনিময় করবেন। আন্তর্জাতিক শ্রমিক অধিকার কর্মশালায় অংশগ্রহণ শেষে আগামী ১০ সেপ্টেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করবেন বলে জানিয়ে সংগঠনের পক্ষে যশোর জেলা কমিটির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সাংগঠনিক সফরের নানাদিক ও গুরুত্ব উল্লেখসহ সাফল্য কামনা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









