বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সিনেট ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচি উদ্বোধন করেন।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ নির্বাহী কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য-সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘‘গবেষণা কার্যক্রম পরিচালনা ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক দুটি ফান্ড গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।’’ এই উদ্যোগ সফল করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘‘অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে।’’ এ সম্পর্ক জোরদার এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহায়তা কামনা করেন।
আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









