অটোরিকশা মহানগর এলাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনা করছে সরকার—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ উদ্যোগে কাউকে বেকার করা হবে না; বরং ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, হঠাৎ করেই দেশে বিপুলসংখ্যক অটোরিকশা রাস্তায় নেমেছে। মানবিক দিক ও বেকারত্ব বিবেচনায় এগুলো রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। তাই চালকদের পুনর্বাসনের মাধ্যমে মহানগরের বাইরে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে বেকারত্ব বা নতুন সমস্যা তৈরি না হয়।
তিনি আরও বলেন, ঢাকার যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বুয়েটের বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে এই প্রযুক্তি উন্নয়ন করা হচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। স্বয়ংক্রিয় ডিজিটাল মামলার কারণে চালকদের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতাও বাড়ছে।
এদিকে রাজধানীর পল্লবী এলাকায় শিশু হত্যার মামলার বিচার দ্রুত শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মামলাটি বিচারাধীন থাকায় বিস্তারিত মন্তব্য না করলেও সরকার পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং দ্রুততম সময়ে বিচার শেষ করার চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









