রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মরা নদীগুলোর জীবন ফেরাতে চাই: শফিকুর রহমান

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

মরা নদীগুলোর জীবন ফেরাতে চাই: শফিকুর রহমান

দশ দলীয় জোট সরকার গঠন করলে তিস্তাসহ উত্তরের নদীগুলোর প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘মহান আল্লাহর ওপর ভরসা করে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি—উত্তরবঙ্গের মানুষের নয় শুধু, বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা দোয়া সমর্থন এবং ভোট নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি; তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলোর উপর। নদীর জীবন ফিরে আসলে নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ।’

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়িতে এস এম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন শফিকুর।

শফিকুর রহমান বলেন, ‘প্রিয় গাইবান্ধাবাসী, এই যে আপনাদের পাশ দিয়ে নদীগুলো বয়ে গিয়েছে—এগুলো আল্লাহ তায়ালার রহমত নিয়ামত; কিন্তু এই নিয়ামতগুলোকে অতীতের ৫৪ বছরের সরকারগুলো সংরক্ষণ করেনি। এক সময় যে নদী দিয়ে জাহাজ চলত, এই নদী দিয়ে এখন সাধারণ নৌকা চলাচল করতে পারে না। গতকাল ঢাকা থেকে যখন আসছিলাম নিচের দিকে চেয়ে চেয়ে দেখলাম আর আস্তে আস্তে চোখের কোনায় পানি জমে গেল। নদীর পানি উবে গিয়ে নদীগুলো এখন মরুভূমি কঙ্কাল হয়ে পড়ে আছে।’

এই নদীগুলো আল্লাহর দান মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘চারটা বড় বড় নদী আল্লাহ তায়ালা নর্থ বেঙ্গলের মানুষের জন্য নিয়ামত হিসেবে দান করেছিলেন—তিস্তা, ধরলা, করতোয়া এবং ব্রহ্মপুত্র। সবগুলো নদীর একই অবস্থা। নদীর অবস্থা হলো শরীরের রক্তনালীর মত। রক্তনালী দিয়ে যদি রক্ত সঞ্চালন হয়, যেকোনো প্রাণী বা মানুষ বেঁচে থাকবে। কিন্তু যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, তাহলে শরীরের ওই অংশ মারা যাবে; আর ব্রেইনের যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, মানুষটাই মারা যাবে।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা গোটা নর্থ বেঙ্গলকে একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই। এখানকার মানুষ আসমানের আপেল খাওয়ার জন্য কারো কাছে দাবি জানায়নি। সহজ-সরল জীবনযাপন, অল্পে তুষ্ট, কঠোর পরিশ্রমী। তাদেরকে তাদের পরিশ্রমের জায়গাটা তৈরি করে দিতে হবে। হাড়ভাঙা পরিশ্রম করে এখন মাঠে আগের মত ফসল ফলে না, সার দিতে দিতে জমির জান শেষ। এর মূল কারণ হচ্ছে ওই যে মিঠা পানির পরশ থেকে স্পর্শ থেকে আমাদের মাটি, আমাদের জমি বঞ্চিত হয়ে পড়েছে।’ 

তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই। আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকেও আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে ৫৬ হাজার বাংলাদেশের পর খবরদারি করুক—তাও দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। ৫৪ বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে; এই শাসনও আমরা আর দেখতে চাই না।’

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.