বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আমি চীনের প্রাচীর দেখিনি, কিন্তু আবু সাঈদের বুক দেখেছি।”
বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শহীদদের স্মরণ করে রিজভী বলেন, এই আলোর প্রজ্বালন শুধু এক দিনের আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিদিনই তাদের আত্মত্যাগকে স্মরণ করার আহ্বান জানান তিনি। তার ভাষায়, শহীদদের স্মৃতি জাতিকে প্রতিনিয়ত জাগ্রত রাখে এবং কোনো অগণতান্ত্রিক শক্তিকে আর সুযোগ দেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, “আমি হিমালয় দেখিনি, কিন্তু মানুষের বুক চিতিয়ে বুলেট গ্রহণের দৃশ্য দেখেছি।” বক্তব্যে তিনি বিভিন্ন প্রতীকী উদাহরণ টেনে আবেগঘনভাবে শহীদদের ত্যাগের কথা তুলে ধরেন।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, কিন্তু তার অবশিষ্টাংশ এখনো সমাজের নানা জায়গায় রয়েছে। তারা দেশের মেগা প্রকল্প-মেট্রোরেল ও পদ্মা সেতুর অর্থ পর্যন্ত লুট করেছে। তাই ছাত্রসমাজকে সবসময় সজাগ থাকতে হবে। ইতিহাস বলে, ছাত্রসমাজ কখনো ঘুমায় না।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, তারেক রহমানের কাজ দেখে মনে হচ্ছে আমরা সবাই জাতীয়তাবাদী। শুধু ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড নয়, আজ রেড সিগন্যালে যে গাড়িটি নিয়ম মেনে দাঁড়িয়ে যায়, সেটিও জাতীয়তাবাদের অংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









