জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর চালু না করা হলে জনগণ নিজেরাই তা খুলে নেবে।
বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, পহেলা জুলাই থেকে ৩৬ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ও সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে বিভিন্ন আয়োজন করা হবে।
তিনি শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফারহান, ফাইয়াজসহ প্রায় ১৪০০ শহীদ এবং আহত প্রায় ৩০০ জনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী, প্রবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও স্মরণ করেন।
ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিচার প্রক্রিয়ার গতি ধীর এবং অনেক ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত হয়নি। দ্রুত ও কঠোর বিচার সম্পন্ন করার দাবি জানান তিনি।
শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় জড়িতদের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ পরিবারদের আর্থিক সহায়তা, আহতদের পুনর্বাসন এবং কবরস্থান সংরক্ষণসহ বিভিন্ন প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি।
জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ঘোষিত সংস্কার ও গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্র কাঠামো পরিবর্তনের দাবি এখনো পূরণ হয়নি।
সবশেষে তিনি বলেন, জুলাই জাতীয় জাদুঘর নির্ধারিত সময়ের মধ্যে চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে কার্যকর করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









