সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির সমাবেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ তুলে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
আখতার হোসেন বলেন, দেশের সংবিধান সরকারি দলের মতো বিরোধী দলকেও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার দিয়েছে। সেই অধিকার প্রয়োগের অংশ হিসেবে এনসিপি দেশব্যাপী ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় সাভারের সমাবেশে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার ঠিক আগে রহস্যজনকভাবে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়নি।
আখতার হোসেন আরও বলেন, অন্ধকারের মধ্যেই বক্তব্য চলাকালে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায় এবং কয়েকজন আহত হন। পরিস্থিতির কারণে সমাবেশ সংক্ষিপ্ত করে পরে নেতারা থানায় গিয়ে আইনি সহায়তা চান।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলন ঘিরে যখনই এনসিপি কোনো কর্মসূচি দেয়, তখনই একটি মহল তা বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এর আগেও দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্য আখতার হোসেন সরকারের কাছে জানতে চান, বিরোধী দলের সমাবেশ চলাকালে কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো, কীভাবে প্রকাশ্য সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটল এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিরোধী দলের সভা-সমাবেশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবিও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সরকারের পক্ষে জবাব দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সাভারের ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর ও স্বচ্ছ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









