ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বন্ধ করা হবে।’
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর শেরপুরে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এই কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘যারা মা-বোনদের কাপড় খুলে নিতে চায় তারা পশুর চেয়েও খারাপ। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, মায়েদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে। যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তাদের হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বন্ধ করা হবে।’
তিনি বলেন, ‘সামান্য সময়ের জন্য আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দুর্বৃত্তদের কবলে ছিল এবং সেখান থেকে মা-বোনদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ কিছু বক্তব্য প্রচার করা হয়েছে। যদিও আমরা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি, তবুও ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যদি দেশের কোনো মা বা বোন তিল পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি।’
শফিকুর রহমান বলেন,‘ জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে, ১২ তারিখ বাঁক পরিবর্তনের দিন। আল্লাহ তাআলার গোলামি যারা করে, তারা কালো মেঘ দেখলে ভয় পায় না।’
সম্প্রতি জামায়াত নেতা অধ্যাপক মাওলানা রেজাউল করিমের নির্মম হত্যাকাণ্ড এবং নির্বাচনি সভায় হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রধান আসামিদের গ্রেপ্তার করা হয়নি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি বলেছি, ফোনের আশ্বাস নয়, আমি দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। যারা খুন করেছে, তাদের আইনের আওতায় আনুন। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









