দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরা, না ফেরা ভারত সরকারের ওপর নির্ভর করছে। তিনি দেশে ফিরলে আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। দেশে এলেই তাকে গ্রেপ্তার করা হবে।’
তিনি আরও বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত যেসব আসামি রয়েছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদের দাবি, ‘শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে পলাতক হিসেবে অবস্থান করছেন। সেখানে তার কোনো আনুষ্ঠানিক অভিবাসন-সংক্রান্ত (ইমিগ্রেশন) স্ট্যাটাস নেই। তার কাছে বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথিও নেই। ফলে পরিচয় নিশ্চিত করতে তাকে ছবিযুক্ত কোনো পরিচয়পত্র ব্যবহার করতে হবে।’
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে। তার ভাষ্য, দীর্ঘ ১৭ বছর ধরে সমস্যাটি অমীমাংসিত থাকায় সংকট আরও জটিল হয়েছে। সরকার এ সংকটের সমাধানে সরকারি, বেসরকারি, কূটনৈতিক ও অন্যান্য চ্যানেলে কাজ চালিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









