১১ দলীয় জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। দলের কেন্দ্রীয় মজলিশে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
শনিবার (২৫ জুলাই) বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার মধ্য দিয়ে সেই ঐক্যের কার্যকারিতা কার্যত শেষ হয়েছে। এরপরও নির্বাচন-পরবর্তী সময়ে জোটের কয়েকটি কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিয়েছিল। তবে কেন্দ্রীয় মজলিশে শূরার সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১ দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে দলটি বিরত থাকবে।
এতে আরও বলা হয়, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রয়োজন দেখা দিলে সে বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, ভবিষ্যতে জোটের কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় দলের নাম কিংবা নেতাদের নাম ব্যবহার না করার জন্য।
রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিশে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।
মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মুফতি আবুল হাসান এমপিসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









