ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট প্রদানের আগে পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন বলেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরকা ও নেকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি। ভোটকেন্দ্রে ভোট প্রদানের আগে পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান।’
তিনি বলেন, ‘ইসলামী মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি সব সময় বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বোরকা ও নেকাব ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই নারীদের আব্রু ও পর্দার ব্যাপারে সর্বোচ্চ শ্রদ্ধাশীল। কিন্তু ইসলামী সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি-হজ-ওমরার জন্য ছবি তোলার সময় মুখমণ্ডলের যে অংশ অনাবৃত রেখে ছবি তুলতে হয়, ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসার ও নারী এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে নারী ভোটারদের পরিচয় নিশ্চিত করতে হবে, যেখানে প্রযোজ্য।’
মাহদী আমিন বলেন, ‘বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সমাজে নারীদের এই অধিকার প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আর তাই বিএনপির পক্ষ থেকে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাই, আসুন সহিংসতা নয়, সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি। বজায় রাখি পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্য। সব ধরনের কারচুপি বা জালিয়াতি রুখে দিয়ে নির্বাচনের যে উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত পরিবেশ আজকের গণ-আকাঙ্ক্ষা।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিককে আমরা আহ্বান জানাই, আপনারা আগামীকাল সকালে যত দ্রুত সম্ভব ভোটকেন্দ্রে আসুন। এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের, এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের মানুষের। দেশব্যাপী বিএনপির অপ্রতিরোধ্য জনপ্রিয়তার জোয়ারে আমরা সবাই শামিল হই। গণতন্ত্র রক্ষার প্রমাণিত শক্তি বিএনপির এই অবিস্মরণীয় বিজয়ের মিছিলে সবাইকে স্বাগত।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









