কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নাগরিকের মৃত্যু এবং আরও কয়েকজনের দগ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে জামায়াতে ইসলামী।
একই সঙ্গে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনাতেও শোক প্রকাশ করেছে দলটি।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে এক শোকবার্তায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। এর পাশাপাশি গত ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়ার নিহত হওয়ার ঘটনাও গভীরভাবে দুঃখজনক।
মিয়া গোলাম পরওয়ার নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করেন। একই সঙ্গে আহত ও দগ্ধদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন তিনি।
শোকবার্তায় তিনি আরও বলেন, কলকাতার অগ্নিকাণ্ডে যারা দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, নিহতদের মরদেহ দ্রুত ও যথাযথ সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা এবং আহতদের প্রয়োজনীয় সুচিকিৎসা নিশ্চিত করা হোক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









