রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিএনপি দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তার দাবি, বিএনপির মনোনয়ন না পাওয়া এবং নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসনের জায়গা হিসেবে এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে প্রায় ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জ্বালানি সংকটের প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশে বড় ধরনের জ্বালানি তেলের সংকট দেখা দেয়। সে সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়, যার প্রভাব পড়ে গণপরিবহন, সেচ, সারসহ বিভিন্ন খাতে। বর্তমানে গ্যাসের চাহিদার প্রায় ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে বলেও দাবি করেন তিনি। এর ফলে ঢাকার বিভিন্ন এলাকায় রান্নার চুলা জ্বলছে না এবং শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।
গ্যাস সংকটের কারণে দেশের ক্রয়াদেশ অন্যত্র চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর অঙ্গীকার করলেও মাত্র দুই মাসের মধ্যেই দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি লোডশেডিং, অতিরিক্ত বা ‘ভুতুড়ে’ বিল এবং ক্যাপাসিটি চার্জের চাপ রয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বর্তমানে কোনো সংকট তৈরি হলেই কখনো ফ্যাসিস্ট সরকার, আবার কখনো অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হচ্ছে। অথচ বর্তমানের চেয়ে আরও কঠিন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল।
কৃষি ও স্বাস্থ্য খাত নিয়েও সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না এবং বেশি দামে সার কিনতে হচ্ছে। ঋণ প্রবৃদ্ধিও বাড়ছে। স্বাস্থ্য খাতে হাম মহামারির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হলেও সংকট এখনো কাটেনি। পাশাপাশি কোনো বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হয়নি বলে দাবি করেন তিনি।
শিক্ষাঙ্গনের পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখলের ঘটনা ঘটছে। বিরোধী মতাদর্শের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ওপর হামলার অভিযোগ থাকলেও এসব ঘটনায় কার্যকর বিচার হয়নি।
রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি ঘটনার সঙ্গে বিএনপি জড়িত বলে দাবি করেন তিনি। দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে জানান নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, শুরু থেকেই তারা বলে আসছেন, সরকার গণভোটের গণরায় প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









