আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার উদ্দেশ্যে জামায়াত দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে মাত্র ছয় মাস। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের মতো বড় সমস্যার সমাধান করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে সরকারের কিছুটা সময় প্রয়োজন।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস না পেরোতেই বিরোধী দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর ফলে সরকার যাতে দেশের জন্য স্বাভাবিকভাবে কাজ করতে না পারে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে।
আগামী নির্বাচন প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কামরাঙ্গীরচরের লোহার ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। ব্রিজটিতে মরিচা ধরে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। স্থানীয়দের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দক্ষিণ সিটি করপোরেশন অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি সংস্কার করে।
সংস্কার শেষে ব্রিজটি চলাচলের জন্য খুলে দেওয়ায় এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যানবাহন চলাচলের সুযোগ না থাকলেও এখন থেকে স্থানীয়রা নিরাপদে পায়ে হেঁটে ব্রিজটি পার হতে পারবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









