অভিনয়ে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে বড়পর্দায় খুব একটা নিয়মিত নন বাপ্পারাজ। তবে চলচ্চিত্রের সঙ্গে তার সম্পৃক্ততা থেমে নেই। এবার অভিনয়েই ফিরছেন নতুন ব্যস্ততা নিয়ে। নির্মাতা এম ডি ইকবালের ‘গুলশানের চামেলী’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বাপ্পারাজের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার চরিত্রটি কী ধরনের, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাইছেন না নির্মাতা।
এম ডি ইকবাল বলেন, “চরিত্রটি নিয়ে এই মুহূর্তে বিস্তারিত বলতে চাই না। গল্প এবং চরিত্র দুটোই বাপ্পারাজের পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো অভিজ্ঞ একজন শিল্পী আমাদের সিনেমায় যুক্ত হওয়ায় আমরা আনন্দিত।”
বাপ্পারাজের চরিত্রটি গল্পের গুরুত্বপূর্ণ অংশ বলেও জানান পরিচালক। তিনি বলেন “আমরা গল্পের প্রয়োজন অনুযায়ী অভিনয়শিল্পী নির্বাচন করছি। বাপ্পারাজ যে চরিত্রটি করবেন, সেটির সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অভিনয় দক্ষতা চরিত্রটিকে আরও শক্তিশালী করবে।
এদিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগে চলছে নানা প্রস্তুতি। প্রি-প্রোডাকশনের কাজের অংশ হিসেবে শিল্পীদের সঙ্গে আলোচনা, লোকেশন নির্বাচনসহ অন্যান্য কার্যক্রম এগিয়ে নিচ্ছেন নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা। পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে।
এর আগে চলতি মাসের ২ তারিখ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘গুলশানের চামেলী’র মহরত। সেই আয়োজনের মধ্য দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দেশ ও কলকাতার অভিনয়শিল্পীদের সমন্বয়ে সিনেমাটির কাস্ট সাজানো হয়েছে বাপ্পারাজের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে থাকছেন আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা ও আশীষ খন্দকারসহ আরও অনেকে।
চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ। নব্বইয়ের দশকে তার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি। এবার নতুন সিনেমার মাধ্যমে আবারও অভিনয়ের ব্যস্ততায় ফিরছেন এই অভিনেতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









