‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩০ আগস্ট) রাজধানীতে সংসদ অভিমুখে পদযাত্রা এবং স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। পরে সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
কর্মসূচি অনুযায়ী, রবিবার বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। সেখান থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হবে।
১১ দলীয় ঐক্য এই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









