সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী আহমেদ বলেন, এম সাইফুর রহমানের মতো একজন খ্যাতিমান অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে প্রশ্ন থাকতেই পারে। দেশের অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার মৃত্যু নিছক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র ছিল, সেটি খুঁজে বের করা প্রয়োজন।
তিনি বলেন, নানা অবদানের কারণে এম সাইফুর রহমান জাতির সম্পদে পরিণত হয়েছিলেন। দেশে ও বিদেশে তার অর্জন স্বীকৃত। তার পরবর্তী সময়ে আর কোনো অর্থমন্ত্রী তার অবস্থান ও সাফল্যকে ছাড়িয়ে যেতে পারেননি বলেও মন্তব্য করেন রিজভী।
বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে সাইফুর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় দক্ষতার কারণে আন্তর্জাতিক পর্যায়েও তিনি সম্মানিত ছিলেন।
দারিদ্র্য দূরীকরণ প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি সরকার এ ক্ষেত্রে চ্যাম্পিয়ন ছিল। সাইফুর রহমানের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও নীতিকে অনুসরণ করে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যাবে। একই সঙ্গে দারিদ্র্য দূর করে দেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।
তিনি বলেন, অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। অর্থমন্ত্রী হিসেবে তার অসাধারণ সক্ষমতা ছিল। তার কৃষি অর্থনীতিভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশে কার্তিক মাসের অভাব দূর হয়েছিল বলেও দাবি করেন তিনি।
শেয়ারবাজার প্রসঙ্গে রিজভী বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে দেশে শেয়ারবাজার লুট হয়নি। এটিও তার বড় একটি অবদান। দেশের অর্থনীতিকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির আমল সবসময়ই গ্রামীণ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়েছে। দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রেও বিএনপি সবসময় চ্যাম্পিয়ন হিসেবে কাজ করেছে।
তিনি আরও বলেন, কৃষি অর্থনীতিকে ভিত্তি করে একটি দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে—এমন ধারণা একসময় অনেকের কাছেই অবিশ্বাস্য ছিল। কিন্তু অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।
রিজভীর ভাষ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির যে ভিত্তি, তা গড়ে তোলার ক্ষেত্রে সাইফুর রহমানের একক অবদান রয়েছে। দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার ধারণাও তিনি প্রথম চালু করেছিলেন বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









