রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘‘প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই… পতিত স্বৈরাচার নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে।’’
গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের চেষ্টার পরিপ্রেক্ষিতেই তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা ককটেল নিক্ষেপ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। একপর্যায়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









