রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জুলাই সনদ বাস্তবায়ন না হলে, আরেকটি জুলাই হবে: গোলাম পরওয়ার

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন না হলে, আরেকটি জুলাই হবে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আরেকটি জুলাই তৈরি হবে। যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন, তারা জুলাই সনদকে অস্বীকার করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে।’

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১–দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এই কথাগুলো বলেন।

জামায়াতের এই নেতা বলেন, ‘বিএনপি অভ্যন্তরীণভাবে গণভোটে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। অনেক কেন্দ্রে ধানের শীষের ভোট আর না ভোট সমান হয়েছে। নির্বাচনের পরে টকশোতে অনেকে জুলাই সনদের যা কিছু ঐকমত্য হয়েছে, তা সরকার মানতে বাধ্য নয়—এমন আলাপ তুলছেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আরেকটি জুলাই তৈরি হবে। যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন, তারা জুলাই সনদকে অস্বীকার করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘হঠাৎ করে নির্বাচনের ফল সম্প্রচার বন্ধ করে রহস্যের জাল তৈরি করে ১১–দলীয় ঐক্যের বিজয়ের বার্তাকে একের পর এক থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। নির্বাচন কমিশনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যেসব আসনে অনিয়মের অভিযোগ দায়ের করা হয়েছে, কোনো টালবাহানা না করে অবিলম্বে সেগুলোর সুবিচারের মধ্য দিয়ে নিষ্পত্তি করতে হবে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, ‘ম্যানুপুলেশন করে নির্বাচনে বিজয়ী হয়েও তারা জাতির ওপর হামলে পড়েছে। খুন, সন্ত্রাস, হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে। মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে। এই দৃশ্য ফ্যাসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে। এ বিষয়ে তাদের সংযত হতে হবে।’

নতুন সরকারের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের হত্যার বিচার এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবি জানান তিনি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক প্রমুখ।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.