ঝিনাইদহের মহেশপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে রবিউল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (৫ সেপ্টম্বর) দুপুরে মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিউলের ছেলে এবং তার আত্মীয় লুৎফরের ছেলের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে লুৎফর ক্ষিপ্ত হয়ে রবিউলের ছেলেকে মারধর করার জন্য হাতে লাঠি নিয়ে বাড়ি থেকে বের হন। এক পর্যায়ে রবিউল ইসলাম সামনে এসে বাধা দিলে লুৎফর তাকে লক্ষ্য করে সজোরে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আঘাত করার পরপরই অভিযুক্ত লুৎফর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত লুৎফর পলাতক রয়েছে।
মহেশপুর থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) আজাদ রহমান জানান, শিশুদের খেলাধুলার সামান্য বিবাদ থেকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত লুৎফর আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









