ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না, এমনকি রাষ্ট্রের অস্তিত্বও হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান রিজভী।
তিনি বলেন, ফ্যাসিবাদের উত্থান ঘটলে কেউ নিরাপদ থাকবে না। এর পুনরাবৃত্তি হলে রাষ্ট্রই টিকে থাকবে না।
বিরোধী দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বর্তমানে তারা সরকারি দলের নেতাদের উদ্দেশে অসম্মানজনক ভাষা ব্যবহার করছেন। তাদের কথাবার্তায় ফ্যাসিবাদের ভাষা ফুটে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, শুধু জল্লাদ নয়, মীর জাফররাও চারপাশে অবস্থান করছে। এ সময় তিনি অভিযোগ করেন, পাশের দেশ থেকে বোমা রেখে ছবি তুলে পাঠানোর জন্য টেলিফোনে নির্দেশ দেওয়া হচ্ছে। এ কাজের বিনিময়ে টাকা দেওয়ার কথাও বলা হচ্ছে বলে দাবি করেন তিনি।
বিরোধী দলের কর্মসূচি পালনের অধিকার প্রসঙ্গে রিজভী বলেন, কর্মসূচি পালন করা বিরোধী দলের অধিকার। সবার কথা বলার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ থাকা প্রয়োজন। শেখ হাসিনার সরকারের মতো বিরোধী দলের লং মার্চে বাধা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









