সরকারের সব কর্মকাণ্ডের বিরোধিতা না করে জনকল্যাণ ও জনস্বার্থে নেওয়া ভালো উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রধান যোগানদাতা বিটিএমএ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন। সভায় বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকারসহ সংগঠনটির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিরোধী দল হিসেবে দেশের প্রতি জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি তারা অনুসরণ করেন না। জাতীয় সংসদে বর্তমান বিরোধী দলের নীতি অনুযায়ী, সরকারের জনস্বার্থমুখী কর্মকাণ্ডে সহযোগিতা করা হবে।
তবে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের ক্ষেত্রে জামায়াত প্রতিবাদ করবে বলেও জানান তিনি। তার ভাষায়, সরকার জনস্বার্থের বিরুদ্ধে গেলে বিরোধী দল হিসেবে তা সমালোচনা করা, ভুল ধরিয়ে দেওয়া এবং প্রয়োজন হলে প্রতিরোধ করাও তাদের দায়িত্ব। এ ভূমিকা তারা গঠনমূলকভাবে পালন করবেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈঠকে উভয় পক্ষের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের নিজেদের কথা ও সমস্যাগুলো তুলে ধরার সুযোগ দেওয়া হয়েছে। জামায়াত আমির তাদের আশ্বস্ত করেছেন যে, দেশপ্রেম, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা এবং নিজেদের ব্যবসা ও পেশার প্রতি আন্তরিকতা নিয়ে তারা এগিয়ে গেলে জামায়াত তাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, জাতীয় সংসদেও জামায়াতে ইসলামী এ বিষয়ে নিজেদের দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









