জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, আবরার ফাহাদের চেতনাকে যদি আমরা ধারণ করতে চাই তাহলে ভারত-বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতার ও সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে। পানির হিস্যায় আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সই করতে হবে। নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ কীভাবে অংশীদারত্ব রাখবে, সেটিও স্পষ্ট করতে হবে। আসছে ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ। এ অবস্থায় ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে গঙ্গার পানি বণ্টনের বিষয়ে নতুন চুক্তি করতে সরকারকে আহ্বান জানাই।”
তিনি জানান, ভারতের সঙ্গে আমাদের অনেক অভিন্ন নদী রয়েছে। বাংলাদেশ কখনোই এর পানির ন্যায্য হিস্যা পায়নি। এগুলো এখন সমতার ভিত্তিতে হতে হবে।
এনসিপির আহ্বায়ক বলেন, “আবরার ফাহাদকে আমরা দেখেছি বাংলাদেশের পক্ষের হিসেবে, বাংলাদেশের নদীর পানি যেন আমরা পাই সেটাই আবরার ফাহাদের চেতনা। সে বিষয় নিয়ে সামান্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে সারারাত নির্যাতন করে হত্যা করা হয়েছিল।”
বিরোধীদলীয় চিফ হুইপ জানান, আবরার ফাহাদ শুধু নদীর পানি নিয়ে সমালোচনা করেছিলেন। আওয়ামী লীগ ভারতের আগ্রাসনের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ক্ষমতায় ছিল। গত ৫০ বছর বাংলাদেশ কী পেয়েছে সেই প্রশ্ন আবরার ফাহাদ করেছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









