দেশে খুন, ধর্ষণ ও চুরির ঘটনায় বিচার হচ্ছে না অভিযোগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের বিচারের আওতায় আনতে বিএনপি সরকারকে জবাবদিহির দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম রনি।
তিনি বলেন, সরকার পরিবর্তনের পরও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি। অপরাধের সঙ্গে রাজনৈতিক পরিচয় জড়িয়ে গেলে বিচার থেমে থাকতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) যশোরের মুড়লী মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ইব্রাহিম রনি অভিযোগ করেন, সরকারদলীয় এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে ছাত্রদলের এক পৌর সদস্য সচিবকে হত্যার অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জনগণের কাছে স্পষ্ট নয়। খুন, ধর্ষণ ও চুরির ঘটনায় বিচার পাওয়া যাচ্ছে কি না, তা এখন বড় প্রশ্ন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুলিশের আইজিপির ক্রসফায়ার-সংক্রান্ত বক্তব্য জনমনে উদ্বেগ তৈরি করেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলনের পর দেশে আবারও এমন পরিস্থিতি ফিরে আসার আশঙ্কা কাম্য নয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন চাকসু ভিপি। তিনি বলেন, জুলাই আন্দোলনে যশোরেও অনেকে প্রাণ হারিয়েছেন। সেই অভিজ্ঞতার পর আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যে ক্রসফায়ারের প্রসঙ্গ ফিরে আসা উদ্বেগজনক।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ কী, তা জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন বলে মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়ে ইব্রাহিম রনি শহীদ উসমান হাদী হত্যার প্রসঙ্গ তুলে বলেন, প্রকাশ্যে হত্যাকাণ্ডের পরও জড়িতরা কেন গ্রেপ্তার হচ্ছে না, সরকারকে তার জবাব দিতে হবে।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে। ব্যর্থ হলে তাদের পদত্যাগ করা উচিত। শুধু আশ্বাস দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
বক্তব্যে ১২ ফেব্রুয়ারির নির্বাচন, প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার প্রক্রিয়া এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও সমালোচনা করেন তিনি। পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে মন্তব্য করে জুলাই গণঅভ্যুত্থানের অসমাপ্ত কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
শেষে তিনি বলেন, প্রয়োজনে ভবিষ্যতের আন্দোলনে রক্ত দিতে হলেও কোনো জালিমকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









