নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার আপন ফুফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আক্তার হোসেন খাজা (৪৫) উপজেলার গোচাইট গ্রামের বাসিন্দা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সোনারগাঁ পৌরসভার গোচাইট গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়িতে একা পেয়ে টাকার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন তার ফুফা আক্তার হোসেন খাজা। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় শনিবার দুপুরে আক্তার হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









