নাটোরের বাগাতিপাড়ায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, ফলাফলে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার ১ হাজার ৫৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭২ জন এবং অকৃতকার্য হয়েছে ৮৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০ জন। উপজেলায় পাসের হার ৪৩ দশমিক ৬৪ শতাংশ।
শতভাগ অকৃতকার্য হওয়া তিন প্রতিষ্ঠানের মধ্যে চিথলিয়া হাইস্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে ১০ জন, বাগাতিপাড়া পৌর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে একজন এবং তমালতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নেয়। তবে এসব প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, উপজেলার ফলাফলে শীর্ষে রয়েছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। প্রতিষ্ঠানটির তিনটি বিভাগ থেকে ৪৮৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪১০ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ জন শিক্ষার্থী।
সূত্র জানায়, উপজেলার ২১টি প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ শাখার ১০টি কলেজ, কারিগরি শাখার ১০টি প্রতিষ্ঠান এবং একটি আলিম মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
একদিকে উপজেলার একটি প্রতিষ্ঠানের ভালো ফল, অন্যদিকে তিন প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









