পরিচ্ছন্ন নগরী গড়তে নাগরিক সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানিয়ে বরিশাল নগরীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। অভিযানে নিজ হাতে ঘাস কাটা, ঝোপঝাড় পরিষ্কার ও ময়লা-আবর্জনা অপসারণে অংশ নেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ও জেলা প্রশাসক মামুন খন্দকার।
শনিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নগরীর ত্রিশ গোডাউন এলাকার সেলফি রোডে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এ সময় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিডি ক্লিনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা সেলফি রোডের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ঘাস কাটা ও ঝোপঝাড় পরিষ্কার করেন।
বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পরিচ্ছন্নতা কোনো নির্দিষ্ট দিনের আনুষ্ঠানিকতা নয়; এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনের নিয়মিত চর্চা হওয়া উচিত। নিজের শহর ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। বিশেষ করে যুবসমাজকে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে আরও সক্রিয় হতে হবে।

জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়তে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। যেখানে-সেখানে ময়লা না ফেলে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জাতীয় যুব দিবসের এ আয়োজন তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা বাড়াবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে বরিশাল নগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









