ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, ‘আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে, আমরা সবার আগে সংস্কার চেয়েছি।’
প্রার্থিতা বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘সংবিধানে স্পষ্ট বলা আছে যে, কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু অনেক জায়গায় রিটার্নিং কর্মকর্তারা আমাদের এবং অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। কিন্তু আইন সবার জন্য সমান করা উচিত। বিষয়টি যেন আর জটিল না হয়, সেদিকে নজর দিতে বলেছি আমরা ।’
তিনি আরও বলেন, ‘বর্ণমালা অনুসারে পোস্টাল ব্যালট সাজানো হয়নি। বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছে করেই এমনটি করেছেন বলে অভিযোগ করেন তিনি। কমিশনের প্রতি তিনি আহ্বান জানান, যেন এই পোস্টাল ব্যালটের মতো দেশের ব্যালটেও একইভাবে প্রতীক ব্যবহার করা না হয়।’
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘যথাসময়ে নির্বাচনের জন্য ইসির অনুরোধে দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। অথচ পরিষ্কার বলা হয়েছিল, এটি কোনো রাজনৈতিক সফর হবে না। বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে চেষ্টা করেছে। কিছু রাজনৈতিক দল ক্রমাগত প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে ইসির ব্যবস্থা গ্রহণের কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিএনপি প্রার্থীদের কারণ দর্শাতে বলা হয়। অথচ ঢাকাসহ বেশকিছু বড় এলাকায় অন্য দল আচরণবিধি ভঙ্গ করলেও ইসি সেটা খেয়াল করছে না।’
বিকেলে শুরু হওয়া এই বৈঠকে নজরুল ইসলাম খানের সঙ্গে প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









