জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। এনসিপির আইনজীবী শাকিল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে তার রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলেও জানান আইনজীবী শাকিল আহমদ।
এর আগে নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে দেন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ওইদিন বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময় অতিক্রম করায় কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।
একই দিনে এনসিপির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও বাতিল করেছে ইসি। আপিলেও তার প্রার্থিতা টেকেনি।
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২২ এপ্রিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









