জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যাসহ দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও অন্য ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ ২৮ জুন রোববার । গতকাল ২৭ জুন শনিবার এ তথ্য জানিয়েছেন সরকার পক্ষের কৌশুলী গাজী এম এইচ তামিম।
তামিম বলেন, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম রায় ঘোষণা হবে ২৮ জুন। ৫ জনের বিরুদ্ধে এ রায় দেবেন ট্রাইব্যুনাল-১। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট সাক্ষ্য দিয়েছেন ১৩ জন। রায়ের পুরো কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে গত ১৫ জুন সরকার পক্ষ ও আসামি পক্ষের দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। ঔ দিন প্রথমেই রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। এ ঘটনার সঙ্গে তার মক্কেলের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
তবে মামলার ৫ আসামিরই সর্বোচ্চ শাস্তি চেয়েছিলেন প্রধান কৌশুলী আমিনুল ইসলাম। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য ২৮ জুন দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। গত ১০ জুন পুনরায় সাফাই সাক্ষ্য দেন রামপুরা চঞ্চল। জবানবন্দিতে এক কৌশুলীল বিরুদ্ধেও অভিযোগ আনেন তিনি। চলতি বছরের ১৩ জানুয়ারি প্রথম ধাপে সাক্ষ্য দেন এই আসামি।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ৭ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। গত ৪ মার্চ এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু নতুন করে ডিজিটাল প্রমাণ জমা দেওয়ার আবেদন করে সরকার পক্ষ। এরপর ১ম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া আমির হোসেনকে পুনরায় সাক্ষ্য দিতে হয়।
এ মামলায় বাকি আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। চঞ্চল ছাড়া অন্যান্যরা পলাতক রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









