শিক্ষার মুক্তিদায়ক শক্তি ও মানবজীবনে জ্ঞানার্জনের অপরিসীম গুরুত্বকে গভীরভাবে প্রকাশ করে ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর এই বিখ্যাত বাণী। এর অন্তর্নিহিত বক্তব্য হলো, যখন সমাজে শিক্ষার আলো পৌঁছে যায়, তখন অজ্ঞতা, অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয়ের অন্ধকার দূর হতে শুরু করে।
এখানে ‘স্কুল’ প্রতীক হয়ে উঠেছে জ্ঞান, মানবিকতা ও সচেতনতার আর ‘কারাগার’অজ্ঞতা, অপরাধ ও বিপথগামিতার প্রতীক। শিক্ষা মানুষের চিন্তা ও চরিত্রকে এমনভাবে গড়ে তোলে যে সে অন্যায় পথ থেকে সরে এসে সৎ ও সুস্থ জীবনের দিকে অগ্রসর হয়। তাই একটি বিদ্যালয় প্রতিষ্ঠা মানে ভবিষ্যতের অসংখ্য সম্ভাব্য অপরাধ ও সামাজিক বিপর্যয় প্রতিরোধ করা।
মানবতাবাদী দৃষ্টিভঙ্গির সাহিত্যিক হিসেবে ভিক্টর হুগো বিশ্বাস করতেন, মানুষের উন্নতির মূল চাবিকাঠি শিক্ষা ও সংস্কৃতি। তাঁর এই বাণী সেই বিশ্বাসেরই সামাজিক ভাষ্য, যা শিক্ষা বিস্তারের মাধ্যমে সভ্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









