ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয়দ সোহরাব আলী (৫০) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তার কাছ থেকে নগদ প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছত্রকান্দার খালেক স্যারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে সহস্রাইল থেকে আলফাডাঙ্গার দিকে যাচ্ছিলেন সৈয়দ সোহরাব আলী। পথে একদল অজ্ঞাত ব্যক্তি তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তার কাছে থাকা নগদ প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









