১৫ বছর বয়সী রাজস্থান রয়্যালসের ব্যাটার বৈভব সূর্যবংশী ব্যাট হাতে মাঠে নামলেই এখন রেকর্ড গড়ছেন।
বুধবার (২৭ মে) আইপিএলের এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৫ চার ও ১২ ছক্কায় ৯৭ রানের ইনিংসে ৯টি রেকর্ড গড়েছেন তিনি।
১) অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার হিসাবে সর্বাধিক রান:
বিশ্বের যে কোনও টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি রান করেছেন বৈভব। আইপিএলে এখনও পর্যন্ত ৬৮০ রান করেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার হিসাবে এই প্রথম কেউ ৬০০-র বেশি রান করেছেন।
২) ঘরোয়া ক্রিকেটার হিসাবে আইপিএলের এক মৌসুমে সর্বাধিক রান:
ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে আইপিএলের এক মৌসুমে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন বৈভব। এর আগে এই রেকর্ড তারই সতীর্থ যশস্বী জয়সওয়ালের ছিল। ২০২৩ সালে ৬২৬ রান করেছিলেন তিনি। বুধবার যশস্বীর সামনেই তার রেকর্ড ভেঙেছেন বৈভব।
৩) আইপিএলের প্লে-অফে দ্রুততম অর্ধশতরান:
হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৬ বলে অর্ধশতরান করেছেন বৈভব, যা আইপিএলের প্লে-অফে যুগ্ম ভাবে দ্রুততম। তিনি ছুঁয়েছেন সুরেশ রায়নার রেকর্ড।
৪) এক মৌসুমে সর্বাধিক ছক্কা:
চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬৫ ছক্কা মেরেছেন বৈভব, যা এক মৌসুমে সর্বাধিক। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেলের দখলে। ২০১২ সালে ৫৯ ছক্কা মেরেছিলেন তিনি।
৫) টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এক মৌসুমে সর্বাধিক ছক্কা:
শুধু আইপিএলে নয়, বিশ্বের সব টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছেন বৈভব। এখন পর্যন্ত কোনও লিগে এক মৌসুমে ৬০টির বেশি ছক্কা কেউ মারতে পারেননি। তা করে দেখিয়েছেন বৈভব।
৬) প্লে-অফে এক ইনিংসে সর্বাধিক ছক্কা:
আইপিএলের প্লে-অফে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মেরেছেন বৈভব। হায়দরাবাদের বিরুদ্ধে ১২টি ছক্কা মেরেছেন তিনি। এই রেকর্ডও গেইলের দখলে ছিল। তিনি এক ইনিংসে ১০টি ছক্কা মেরেছিলেন।
৭) এক মৌসুমে তিন ম্যাচে ১০-এর বেশি ছক্কা:
বৈভবই একমাত্র ক্রিকেটার যিনি এক আইপিএলে তিনটি ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা মেরেছেন। সব মিলিয়ে আইপিএলে চার বার এই কীর্তি করেছেন তিনি। গেইলও আইপিএল কেরিয়ারে চার বার এক ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা মেরেছেন। তবে মাত্র দ্বিতীয় মৌসুমেই গেইলের রেকর্ড ছুঁয়ে ফেলেছে বৈভব।
৮) পাওয়ার প্লে-তে সর্বাধিক রান:
এই মৌসুমে পাওয়ার প্লে-তে ৪৯০ রান করেছেন তিনি। আইপিএলের এক মৌসুমে পাওয়াপ প্লে-তে আর কোনও ব্যাটার এত রান করতে পারেননি।
৯) এক ইনিংসে পাওয়ার প্লে-তে সর্বাধিক ছক্কা:
হায়দরাবাদের বিরুদ্ধে পাওয়ার প্লে-র মধ্যে আটটি ছক্কা মেরেছেন বৈভব। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে পাওয়ার প্লে-র মধ্যে এত ছক্কা কেউ মারতে পারেননি।
সূত্র: আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









