বিশ্বকাপের আবহ তৈরি হতেই ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে হিসাব-নিকাশ। কে সবচেয়ে দামি ফুটবলার, কোন দল এগিয়ে—এসব প্রশ্নই এখন ভক্তদের আলোচনার কেন্দ্রে।
এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে ট্রান্সফারমার্কেটের সর্বশেষ মূল্যায়ন। তাদের হিসাব বলছে, ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে দামি স্কোয়াড নিয়ে নামছে ফ্রান্স। ২৬ সদস্যের এই দলটির মোট বাজারমূল্য ১.৫২ বিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৭১৭ কোটি টাকারও বেশি। গড় হিসেবে প্রতি খেলোয়াড়ের মূল্য দাঁড়ায় ৫৮.৫৮ মিলিয়ন ইউরো।
দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের স্কোয়াডের মূল্য ১.৩৬ বিলিয়ন ইউরো। এরপর ১.২২ বিলিয়ন ইউরো নিয়ে তৃতীয় স্থানে স্পেন। পর্তুগাল (১.০১ বিলিয়ন) ও জার্মানি (৯৪৭ মিলিয়ন) যথাক্রমে চতুর্থ ও পঞ্চম।
ইউরোপের দলগুলোর আধিপত্যের মাঝে কিছুটা পিছিয়ে লাতিন আমেরিকার শক্তিশালী দলগুলো। ব্রাজিলের স্কোয়াডের মূল্য ৯২৩.২০ মিলিয়ন ইউরো, আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্কোয়াডের মূল্য ৮০৫ মিলিয়ন ইউরো—যা তাদের রেখেছে তালিকার আট নম্বরে।
ব্যক্তিগত বাজারমূল্যের দিক থেকে সবচেয়ে এগিয়ে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। তার বর্তমান মূল্য ২০০ মিলিয়ন ইউরো। একই অঙ্কে যৌথভাবে শীর্ষে আছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হলান্ডও।
এরপরই আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যার বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো।
তবে বিশ্বকাপ মানেই বড় মঞ্চ, আর সেখানে থাকবেন অভিজ্ঞ তারকারাও। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার—এই তিন কিংবদন্তির জনপ্রিয়তা এখনো আকাশছোঁয়া। যদিও বয়সের কারণে তাদের বাজারমূল্য আগের তুলনায় কমে এসেছে। বর্তমানে মেসির মূল্য ১৫ মিলিয়ন ইউরো, রোনালদোর ১০ মিলিয়ন এবং নেইমারের ৮ মিলিয়ন ইউরো।
এই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশও। হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামদের নিয়ে গড়া দলের মোট মূল্য ৭.২৫ মিলিয়ন ইউরো। এর মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় হামজা চৌধুরী, যার বাজারমূল্য ৪ মিলিয়ন ইউরো।
সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপের মঞ্চে যেমন অভিজ্ঞতা, তেমনি নতুন তারকাদের দাপট—দুটোরই দেখা মিলতে যাচ্ছে এবারের আসরে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









