থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে চ্যাম্পিয়ন হওয়ার পথে সাবিনা খাতুনের দল।
সাফ নারী ও পুরুষ ফুটসাল উভয় টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ৭ দেশ। ৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। সাবিনারা ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার উপরে। এর পরবর্তী স্থানে ভারত চার ম্যাচে ৯ পয়েন্টে দ্বিতীয়।
আজ দিনের শেষ ম্যাচে ভারত-ভুটান খেলা ড্র হলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করবে। বাংলাদেশ শেষ ম্যাচে হারলে ও ভারত জিতলে দুই দলের সমান ১৩ পয়েন্ট হবে। বাংলাদেশ ভারতকে হারানোয় হেড টু হেডে চ্যাম্পিয়ন হবে। ভারত-ভুটান ম্যাচ ড্র না হলে বাংলাদেশকে মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন হতে হবে।
বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল। চলতি টুর্নামেন্টে কোনো দল প্রথমার্ধে এত গোল দিতে পারেনি। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন প্রথমার্ধে গোলের সূচনা ও সমাপ্ত করেন। মাঝে নুসরাত জোড়া, নীলা ও কৃষ্ণা একটি করে গোল করেন৷
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ সে দাপট বজায় রাখে। পাকিস্তান এক গোল করলেও আরো তিন গোল হজম করে। অধিনায়ক সাবিনা এই অর্ধেও জোড়া গোল ও কৃষ্ণা আরেকটি গোল করেন৷ ধারাভাষ্যকার বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের প্রশংসা করেছেন পুরো খেলাজুড়ে৷


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









