আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিলো বাংলাদেশকে। টাইগারদের বিকল্প দল হিসেবে থাকছে ‘স্কটল্যান্ড’।
শনিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ‘ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই বলে বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি–টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে।’
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপ টুর্নামেন্ট এত কাছে চলে আসায় বিসিবির অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয় বলে তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করে জানানো হয়, বিসিবির পক্ষ থেকে ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সেটি নিয়ে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি ‘স্বচ্ছ ও গঠনমূলক একাধিক আলোচনার মাধ্যমে বিসিবির সঙ্গে সম্পৃক্ত ছিল’।
অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে বলে উল্লেখ করে আইসিসি লিখেছে, ‘মূল্যায়নে উপসংহারে পৌঁছানো হয়েছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই সব তথ্যের আলোকে এবং বৃহত্তর প্রভাব বিবেচনা করে আইসিসি সিদ্ধান্তে আসে যে, প্রকাশিত ইভেন্ট সূচি সংশোধন করা উচিত হবে না।’
উগ্রপন্থীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। একজন ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে না পারা ভারতে বিশ্বকাপ দলের ক্রিকেটারসহ অন্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
৪ জানুয়ারি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পাঠানোর পর এ নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনা চলে। হয়েছে ভিডিও কনফারেনস এবং সশরীরে আলোচনা, এমনকি আইসিসির ভার্চুয়াল বোর্ড সভাও। ২১ জানুয়ারি অনুষ্ঠিত সে সভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই খেলতে হবে।
বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না জানিয়ে আজকের সংবাদবিজ্ঞপ্তিতে আইসিসি লিখেছে, ‘বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর বিসিবিকে ভারতে গিয়ে খেলবে কি না নিশ্চিত করতে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ তথ্য না পাওয়ায় আইসিসি নিজেদের প্রতিষ্ঠিত প্রশাসনিক ও বাছাই প্রক্রিয়া অনুযায়ী একটি বিকল্প দল চিহ্নিত করার পথে অগ্রসর হয়।’
টি–টুয়েন্টি বিশ্বকাপে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে আইসিসি। ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে খেলবে স্কটিশরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









