বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন। রবিবার (১৪ জুন) তাকে এই পদে উন্নীত করে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১–এ সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন আশিকুর রহমান। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ের ব্যাংকিং সুপারভিশন, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট (সিবিএসপি), ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং এসএমই বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চট্টগ্রাম অফিসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
আন্তর্জাতিক ক্ষেত্রেও তার অভিজ্ঞতা রয়েছে। অ্যালায়েন্স ফর ফিন্যান্সিয়াল ইনক্লুসনের জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স কমিটিতে ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন্স বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, এল সালভাদর, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ‘স্টার্টআপ ইকোসিস্টেম’, যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের ‘পোর্টফোলিও ম্যানেজমেন্ট’ এবং সুইজারল্যান্ডে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের ‘অ্যাসেট-লায়বিলিটি ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ উল্লেখযোগ্য।
নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামে জন্ম নেওয়া আশিকুর রহমান ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









