নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
সোমবার (১৫ জুন) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ উদ্যোগে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় শহরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুই গ্রুপে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘ক’ গ্রুপের বিতর্কের বিষয় ছিল “কেবলমাত্র আইনের কঠোর প্রয়োগই পারে দুর্নীতি প্রতিরোধ করতে।” এ গ্রুপে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং আল-ফারুক একাডেমির অংশ নেওয়ার কথা থাকলেও আল-ফারুক একাডেমি অনুপস্থিত থাকায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
অপরদিকে ‘খ’ গ্রুপে “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবই দুর্নীতির প্রধান কারণ” শীর্ষক বিষয়ে বিতর্কে অংশ নেয় সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিযোগিতায় সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। বিচারক ছিলেন সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু মো. শাহনুর রহমান, কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোছা. কহিনুর বেগম। সময়রক্ষকের দায়িত্ব পালন করেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সহ-সভাপতি ও সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলি বেগম, সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









