বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।
রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সেগুলোর বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচ শেষে মিসরের প্রধান কোচ হোসাম হাসান প্রকাশ্যে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ম্যাচের ফল ‘আগেই নির্ধারিত ছিল’ এবং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে আগে থেকেই চাপ সৃষ্টি করা হয়েছিল।
এদিকে, মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা দাবি করেছেন, রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব দেওয়া উচিত নয়। তার অভিযোগ, তাদের ভুল সিদ্ধান্ত ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মিসরের আপত্তি মূলত দুটি সিদ্ধান্ত নিয়ে। প্রথমত, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের অজুহাতে মিসরের একটি গোল বাতিল করা হয়। দ্বিতীয়ত, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ফাউলের অভিযোগ থাকলেও ঘটনাটি ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করা হয়নি।
তবে মিসরের এই অভিযোগ ও তদন্তের দাবির বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









