বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয় ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার ছড়িয়ে পড়েছে সাইবার দুনিয়াতেও।
গত মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত সেই ম্যাচের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কিছু বিতর্কিত বার্তা পাঠানো হয়। পরে এএফএ জানায়, তারা সাইবার হামলার শিকার হয়েছে এবং ওই ই-মেইলগুলো তাদের প্রাতিষ্ঠানিক অবস্থান নয়।
মিসরের বিপক্ষে ম্যাচে একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
এদিকে নাটকীয় এই হারের পর ক্ষুব্ধ মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ পরিচালনাকারী রেফারি ও অফিশিয়ালদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। তাদের দাবি, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার দল আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছেন।
এরই মধ্যে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’ দাবি করে, এএফএর অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো কিছু বার্তায় লেখা ছিল—‘চুরি করে জিতেছে’ এবং এই ফলাফল ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল’।
প্রতিবেদনে আরও বলা হয়, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। পাশাপাশি ওই বার্তাগুলোতে মিসরের ফুটবলারদের প্রশংসাও করা হয়েছিল।
পরিস্থিতি নিয়ে দ্রুত আনুষ্ঠানিক বিবৃতি দেয় এএফএ। সংস্থাটি জানায়, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে অননুমোদিত কিছু ই-মেইল পাঠানো হয়েছে, যা তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী তৈরি করেননি এবং এগুলোর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।
একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে এএফএ জানায়, সম্প্রতি তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যেখানে কোনো লিংক, ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলো এড়িয়ে চলতে।
সংস্থাটি জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার করার পদক্ষেপ নিয়েছে।
আটলান্টার সেই ম্যাচে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মিসর। পরে ৭৯তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমান। পাঁচ মিনিট পর সমতায় ফেরান লিওনেল মেসি। আর ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









