বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চে আর্জেন্টিনার রেকর্ড বরাবরই অনন্য। ফুটবল মহাযজ্ঞের শেষ চারে যতবারই উঠেছে আলবিসেলেস্তেরা, প্রতিবারই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। চলমান ২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ রয়েছে লিওনেল স্কালোনির দলের সামনে।
রবিবার (১২ জুলাই) কানসাসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। অন্যদিকে, নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ইংল্যান্ড। আগামী বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ফুটবল শক্তিধর দেশ।
একদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য, অন্যদিকে সেমিফাইনালে নিজেদের শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ দুই লক্ষ্য নিয়েই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার সাফল্যের ইতিহাস:
১৯৩০: যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রথম ফাইনাল
প্রথম বিশ্বকাপেই শেষ চারে যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠে ইতিহাস গড়ে আর্জেন্টিনা।
১৯৮৬: ম্যারাডোনার জাদুতে বেলজিয়ামকে হারানো
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ডিয়েগো ম্যারাডোনার দুই গোলে বেলজিয়ামকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জেতে দলটি।
১৯৯০: টাইব্রেকারে ইতালিকে বিদায়
স্বাগতিক ইতালির বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। গোলরক্ষক সার্জিও গয়কোচিয়া ছিলেন সেই জয়ের অন্যতম নায়ক।
২০১৪: টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারানো
গোলশূন্য ১২০ মিনিটের পর টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
২০২২: ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স এবং জুলিয়ান আলভারেজের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে তারা।
এবার প্রতিপক্ষ ইংল্যান্ড
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এবার আর্জেন্টিনার সামনে ইংল্যান্ডের চ্যালেঞ্জ। বিশ্বকাপ সেমিফাইনালে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে আবারও ফাইনালে উঠতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









