ফুটবলবিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামছে ইউরোপের শীর্ষ দল স্পেন এবং দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা। মুখোমুখি হচ্ছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি এবং ফুটবলের ‘বিস্ময়বালক’ লামিন ইয়ামাল। ফাইনালের মহারণে এই দুজন মুখোমুখি হবেন একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে।
একদিকে মেসির সামনে তার সোনালী ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার হাতছানি, অন্যদিকে তরুণ ইয়ামালের সামনে বিশ্বজয়ের মঞ্চে নিজেকে নতুন রাজা হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ। ফুটবলের এই মহাকাব্যিক লড়াইয়ের অপেক্ষায় এখন পুরো বিশ্ব।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের জন্য নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম নামে পরিচিত, অনুষ্ঠিত হতে যাওয়া এই ঐতিহাসিক ম্যাচে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়বে স্পেন। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামবে তাদের চতুর্থ শিরোপা অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে। বাংলাদেশ সময় আগামী রবিবার দিবাগত রাত ১টায় (গ্রিনিচ মান সময় ১৯:০০) এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
দুই পরাশক্তির মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, সর্বশেষ ২০১৮ সালের মার্চে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল, যেখানে স্পেন ৬-১ ব্যবধানে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করেছিল। তবে মেগা ফাইনালের মঞ্চে সেই হিসাব যে পুরোপুরি বদলে যাবে। ফুটবল বিশ্লেষক ও অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ, আর আর্জেন্টিনার ক্ষেত্রে তা ২৯.৪ শতাংশ। তবে ম্যাচটি অতিরিক্ত সময়ে কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ।
এবারের ফাইনালের অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি। ফিফা ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ট্রাম্প গ্যালারিতে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করবেন এবং পরবর্তীতে বিজয়ী দলের হাতে সোনালী ট্রফিটি তুলে দেবেন।
এবারের বিশ্বকাপের ফাইনালে যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন এক ইতিহাস। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোল ধাঁচের একটি জমকালো হাফটাইম শো আয়োজন করতে যাচ্ছে ফিফা। প্রায় ১১ মিনিটের এই বিশেষ পরিবেশনায় পারফর্ম করবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, কোরিয়ান ব্যান্ড বিটিএস, বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লে-এর সাথে পিএস২২ কোরাস।
এই বিশেষ আয়োজনের কারণে সাধারণত ১৫ মিনিটের বিরতি এবার বাড়িয়ে প্রায় ৩০ মিনিট করা হতে পারে। এছাড়া ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে একটি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে হলিউড তারকা টম ক্রুজ, রব্বি উইলিয়ামস এবং নিকোল শেরজিঙ্গার উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই মহোৎসবের পর পরবর্তী ২০৩০ সালের বিশ্বকাপটি যৌথভাবে মরক্কো, স্পেন ও পর্তুগালে অনুষ্ঠিত হবে, যার শতবর্ষ উদযাপনে উদ্বোধনী ম্যাচগুলো মাঠে গড়াবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
মেসির মুখোমুখি হওয়া নিয়ে ইয়ামাল
আগামী ১৯ জুলাই ফুটবল বিশ্ব দেখতে যাচ্ছে এক রূপকথার ফাইনাল। একদিকে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা—বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি হচ্ছে এই দুই পরাশক্তি। তবে এই ব্লকবাস্টার ফাইনালের মূল আকর্ষণ কেবল ট্রফি জয় নয়, বরং ফুটবল ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য এক নিয়তি। ফুটবল ভক্তদের সব আলো এখন কেড়ে নিচ্ছেন দুই মহাতারকা: লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল। আর্জেন্টিনার এই জীবন্ত কিংবদন্তির সঙ্গে ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার স্বপ্ন দেখতেন ইয়ামাল। অবশেষে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে বাস্তবায়িত হতে যাচ্ছে সেই স্বপ্ন।
সম্প্রতি মেসির মুখোমুখি হওয়া প্রসঙ্গে জনপ্রিয় স্পোর্টস প্ল্যাটফর্ম ডেজন-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল হাসিমুখে বলেছিলেন, ‘আমি একটু বড় হয়েছি, আর লিও-ও (অভিজ্ঞতায়) বেড়েছে। আশা করি আমি একটি ফাইনালে তার মুখোমুখি হতে পারব, বিশেষ করে যেহেতু আমাদের মধ্যে ফিনালিসিমা ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি।’ অবশেষে ইয়ামালের সেই স্বপ্নই সত্যি হতে যাচ্ছে। ফুটবল অমরত্বের লড়াইয়ে মেসিরই মুখোমুখি দাঁড়াতে যাচ্ছেন এই স্প্যানিশ পোস্টারবয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









