মাঠ কিংবা মাঠের বাইরে—সব সময়ই হাসিমুখে রসিকতা করে প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত তিনি। কিন্তু আজ পরাজয়ের নির্মম বাস্তবতা যেন আর নিতে পারলেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে আচমকাই শিশুদের মতো কেঁদে ফেলেন মেসিদের এই মাস্টারমাইন্ড। একপর্যায়ে কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন কক্ষই ত্যাগ করেন তিনি।
আর্জেন্টিনার এক সাংবাদিক স্কালোনিকে তার ভবিষ্যত নিয়ে প্রশ্ন করেন। এটাই তাকে আবেগী করে তোলে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার কিছুটা সময় প্রয়োজন সিদ্ধান্তের জন্য। তবে সুন্দর একটি গ্রুপ ছিল। সবার সাথে সবার বোঝাপড়াও অসাধারণ। এই গ্রুপটি নতুন করে পাওয়া আর হয়তো হবে না।’
স্কালোনি টানা দুই বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন। পরবর্তী বিশ্বকাপ বা সামনে আর্জেন্টিনার কোচিং করাবেন কি না খানিকটা অনিশ্চিত। পাশাপাশি আগামী বিশ্বকাপে কোচিং করালেও মেসিসহ আরো কয়েকজন খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা বেশি। ফাইনালে হার এবং সামগ্রিক বিষয় নিয়ে আবেগী ছিলেন স্কালোনি।
স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা অনেকটা বেশি আলোচনায় ছিল। মাঠে একেবারে ভিন্ন চিত্র ছিল। রানার্সআপ হয়ে হার স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন কোচ, ‘আমাদের চেয়ে স্পেন বেটার ছিল। তারা জয়ী হওয়ায় অভিনন্দন।’
ফাইনালে হারলেও তার ফুটবলারদের প্রশংসা ঠিকই করেছেন স্কালোনি। এ বিষয়ে বলেন, 'আমার ফুটবলাররা টুর্নামেন্ট জুড়ে তাদের সেরা নৈপুণ্য দেখিয়েছে। সবাই সবার সর্বোচ্চটাই দিয়েছে।'


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









