বিশ্বজয়ের ট্রফি ধরে রাখার স্বপ্ন ভেঙেছে যুক্তরাষ্ট্রের মাটিতে। স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপের মেগা ফাইনাল থেকে রানার্স-আপ হওয়ার গ্লানি নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। চার বছর আগের উল্লাসের বিপরীতে বিষাদ নিয়ে স্কালোনির দল নিজ দেশে ফিরলেও, এ বহরে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি সহ বেশ কয়েকজন তারকা ফুটবলার।
সোমবার বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আর্জেন্টিনার পুরো দল। রানওয়েতেই কোচ লিওনেল স্কালোনি এবং দলটিকে লাল গালিচা সংবর্ধনা ও মিলিটারি ব্যান্ড দিয়ে স্বাগত জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আগেই নিশ্চিত করেছিল যে স্কোয়াডের সব সদস্য এই ফ্লাইটে থাকবেন না। অধিনায়ক লিওনেল মেসি বিমানে না থাকায় বিমানবন্দরে তাকে নামতে দেখা যায়নি। তিনিসহ দলের কিছু খেলোয়াড় যুক্তরাষ্ট্রেই থেকে গেছেন।
এজেইজা বিমানবন্দরের কাছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের বাইরে বৃষ্টি ও শীতের চরম প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভিড় জমান হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক। নীল-সাদা ছাতা আর জাতীয় পতাকা হাতে ফুটবলারদের ধন্যবাদ জানাতে হাজির হন তারা।
রোববার রাতে ফাইনাল শেষের পরপরই বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক চত্বরে জমায়েত হন হাজারো সমর্থক। আতশবাজি ফুটিয়ে ও গান গেয়ে দীর্ঘ সময় ধরে রানার্স-আপ দলটিকে তারা অভিবাদন জানান।
তবে রাতের শেষভাগে এই উদযাপনের মাঝে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। বেশ কিছু উচ্ছৃঙ্খল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওয়াটার ক্যানন, টিয়ার গ্যাস এবং রবার বুলেট ব্যবহার করে। আর্জেন্টাইন পুলিশের তথ্য অনুযায়ী এই ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









