ফিফা বিশ্বকাপ শেষ। ট্রফিটি আবার পরবর্তী আসর পর্যন্ত সংরক্ষণে চলে যাবে, আর ফুটবলপ্রেমীদের নজর এখন ক্লাব ফুটবলে। তবে ইন্টার মায়ামির সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন—লিওনেল মেসি কবে আবার মাঠে ফিরবেন?
বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলে আসার পর থেকেই মেসি ইন্টার মায়ামির সঙ্গে দেখা দেননি। অনেক সমর্থক আশা করেছিলেন, তিনি দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু ক্লাবের প্রধান কোচ গিয়ের্মো হোয়োস জানিয়েছেন, আপাতত বিশ্রামই সবচেয়ে জরুরি।
তিনি বলেন, “বিশ্বকাপ মাত্র কয়েক ঘণ্টা আগে শেষ হয়েছে। এই মুহূর্তে মেসির সবচেয়ে বেশি দরকার বিশ্রাম নেওয়া এবং পরিবারের সঙ্গে সময় কাটানো। যতদিন প্রয়োজন, তিনি ততদিন বিশ্রামে থাকবেন।”
কবে ফিরতে পারেন?
এ মুহূর্ত পর্যন্ত মেসির ফেরার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি আগস্টের শুরু বা মাঝামাঝি সময়ের আগে মাঠে ফিরবেন না।
ফিফা ও খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো-এর নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের টুর্নামেন্ট শেষ হওয়ার পর অন্তত ২১ দিনের বাধ্যতামূলক বিশ্রাম নিতে হয়।
সে হিসেবে মেসির সম্ভাব্য ফেরার তারিখ হতে পারে ৯ আগস্টের কাছাকাছি কোন দিন। তবে ইন্টার মায়ামি চাইলে তাকে আরও বেশি সময় বিশ্রাম দিতে পারে।
অল-স্টার ম্যাচে থাকছেন না
এই ২১ দিনের বিশ্রামের কারণে মেসি নিশ্চিতভাবেই ২৯ জুলাই অনুষ্ঠিত এমএলএস অল-স্টার ম্যাচে থাকছেন না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









