বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে শিরোপা হারানোর পর নিজের জন্মশহর পুখাতোতে ফিরে গিয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। সান্তা ফে প্রদেশের ছোট এই শহরে কয়েক দিন কাটিয়ে শনিবার রাতে সবার অগোচরে বিদায় নিয়েছেন তিনি।
বিদায়ের আগে কাউকে কিছু না জানিয়ে বাবা-মায়ের বাড়ির দরজায় একটি চিরকুট টাঙিয়ে যান স্কালোনি। স্থানীয় গণমাধ্যম চ্যানেল ২–এর প্রকাশিত সেই চিরকুটে লেখা ছিল, ‘লিও গত রাতে চলে গেছে! ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।’ উদ্দেশ্য ছিল, কেউ যেন তাকে খুঁজতে এসে অযথা অপেক্ষা না করেন।
স্কালোনির আগমনে কয়েক দিনের জন্য প্রাণ ফিরে পেয়েছিল তিন হাজারের বেশি মানুষের ছোট্ট শহর পুখাতো। প্রতিদিন শত শত ভক্ত তার বাবা-মায়ের বাড়িতে ভিড় করেছেন। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ ছবি তুলেছেন, আবার কেউ নিয়েছেন অটোগ্রাফ।
এ সময় নিজের শহরে বেশ নিরিবিলি সময়ও কাটিয়েছেন স্কালোনি। সাইকেলে করে শহর ও আশপাশে ঘুরেছেন। পাশাপাশি শৈশবে যে ক্লাব অ্যালামনি দে কাসিলদায় খেলাধুলার হাতেখড়ি হয়েছিল, সেই ক্লাবের একটি ম্যাচও উপভোগ করেন তিনি।
পুখাতো ছাড়ার পর স্কালোনি কোথায় গেছেন, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে স্পেনের মায়োর্কায় ফিরে গেছেন। সেপ্টেম্বর পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পরবর্তী ফিফা উইন্ডোতে আবারও আর্জেন্টিনা দলের দায়িত্বে ফিরবেন।
এদিকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। এরপর তার চুক্তি নবায়ন হবে কি না, তা নিয়ে অপেক্ষায় আছেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









