বাংলাদেশ নারী ক্রিকেট দলের আইকন ও সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানি, অসদাচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) জাহানারার আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ এক বিবৃতিতে তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে হতাশা ও অসন্তোষ ব্যক্ত করেছে।
আইনজীবীদের দাবি, অভিযোগকারী হিসেবে তদন্ত প্রতিবেদনের ফলাফল জানার পূর্ণ অধিকার তার থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি। এছাড়া প্রতিবেদনের কোনো অনুলিপিও তাকে সরবরাহ করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যৌন হয়রানি, অসদাচরণ, প্রতিশোধমূলক আচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের গোপনীয়তা হতাশাজনক। তদন্ত সম্পন্ন হওয়ায় জাহানারা আলম স্বস্তি বোধ করলেও প্রতিবেদনের স্বচ্ছতার অভাবে তিনি হতাশ।
গত ৪ ফেব্রুয়ারি বিসিবির বিবৃতির প্রেক্ষিতে এই বিবৃতিটি প্রদান করা হয়।
জাহানারা আলমের আইনজীবীদের দাবি, বিসিবির কাছে ইমেইলের মাধ্যমে তদন্ত প্রতিবেদন বিষয়ে জানতে চাওয়া হলে বোর্ড জানিয়েছে, প্রতিবেদনটি বর্তমানে লিগ্যাল টিমের পর্যালোচনায় রয়েছে। তবে জাহানারাকে আদৌ এই প্রতিবেদন দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায়নি।
বিসিবির বিবৃতির তথ্য অনুযায়ী, তদন্ত কমিটির কাছে জাহানারা আলমের করা চারটি নির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির সত্যতা পাওয়া গেছে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। এছাড়াও, প্রাথমিকভাবে জাহানারার অভিযোগের প্রমাণও মিলেছে।
জাহানারা আলমের পক্ষ থেকে অভিযোগের গুরুতর প্রকৃতি বিবেচনায় এই অস্পষ্টতাকে হতাশাজনক বলা হয়েছে।
বিসিবি দাবি করেছে, অনুসন্ধান কমিটি জাহানারার অভিযোগের ভিত্তিতে নয় বরং নিজস্ব উদ্যোগে গঠিত হয়েছে।
এর প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহানারা আলম স্পষ্ট করছেন যে কমিটিটি মূলত তার করা যৌন হয়রানি সংক্রান্ত আনুষ্ঠানিক অভিযোগ তদন্তের জন্যই গঠিত হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









