ফ্রান্সের বিশ্বখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে।
দেশব্যাপী আয়োজিত ‘প্রধানমন্ত্রীর গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার চেষ্টা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এমবাপ্পেকে আনার পরিকল্পনা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, সরকারের লক্ষ্য সারা দেশে ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলা এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি করা। সেই লক্ষ্যেই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের তারকা ফুটবলারকে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে দেশের তরুণদের মধ্যে ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিমন্ত্রী। কোনো প্রতিষ্ঠান দল গঠন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রতিযোগিতাকে সারা দেশে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে এবং ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।
তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উন্নয়ন কর্মসূচির শিক্ষা ও ক্রীড়া খাতের বরাদ্দ থেকে প্রতিযোগিতার ব্যয় নির্বাহের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে রাজস্ব খাত থেকেও অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা ও শিক্ষা বোর্ডগুলোকে মাঠপর্যায়ের আয়োজনে আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দেশের প্রতিটি উপজেলার খেলার মাঠ সংস্কার ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে সরকার সমন্বিত উদ্যোগ নেবে বলেও জানান মীর শাহে আলম। তাঁর ভাষ্য, এর মাধ্যমে ভবিষ্যতে তৃণমূল পর্যায় থেকেই প্রতিভাবান ফুটবলার তৈরি করা সম্ভব হবে।
তিনি বলেন, ‘আমরা চাই সারাদেশে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি হোক। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









