ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ক্রিকেটার আখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তাকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।
সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে আইসিসি জানায়, রেড্ডির নিষেধাজ্ঞা ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে তিনি অন্য একজন খেলোয়াড়কে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করলেও সেই চেষ্টা সফল হয়নি।
আইসিসি জানায়, ২০২৫ সালের নভেম্বরে আবুধাবি টি-১০ লিগ চলাকালে রেড্ডির বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের তিনটি অভিযোগ আনা হয়। অভিযোগের পরই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
তদন্তে প্রমাণিত হয়েছে, ২৬ বছর বয়সী রেড্ডি ম্যাচের ফল বা ঘটনাপ্রবাহে অবৈধভাবে প্রভাব ফেলতে চেষ্টা করেছিলেন। এছাড়া তিনি আরেকজন ক্রিকেটারকে একই ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করেন। তদন্ত চলাকালে সংশ্লিষ্ট তথ্য গোপন করতে নিজের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ বার্তা ও তথ্যও মুছে ফেলেন।
আখিলেশ রেড্ডি সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এই নিষেধাজ্ঞার ফলে আগামী আট বছর তিনি কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে খেলতে পারবেন না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









